সৌদি আরবের বেসামরিক অবকাঠামো ও ওমরাহযাত্রীদের লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ। তিনি বলেছেন, বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী সৌদি আরবের ওপর যেকোনো হামলাকে পাকিস্তানের ওপর হামলা হিসেবে বিবেচনা করে ইসলামাবাদ।মঙ্গলবার ইসলামাবাদের ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ইউসুফ। সৌদি আরবের প্রতি সংহতি জানাতে পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় দলের শীর্ষ নেতা ও সংসদ সদস্যরা ওই সংবাদ সম্মেলনে যোগ দেন।ইউসুফ বলেন, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে পাকিস্তান নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতা থেকে আলাদা করে দেখে না। তাঁর ভাষায়, ‘সৌদি আরবে যে-ই হামলা চালাক না কেন, আমরা তাকে পাকিস্তানের ওপর হামলা হিসেবে বিবেচনা করি।’তিনি আরও বলেন, হারামাইন শরিফাইন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ এবং পবিত্র হিজাজ অঞ্চলকে দুর্বল করার উদ্দেশ্যে চালানো হামলা কোনো মুসলমানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।রিয়াদে হামলায় পাকিস্তানি নিহতইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বেসামরিক স্থাপনা ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হন। আহত হন আরও ১১ জন।সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়া যাত্রীদের লক্ষ্য করে হামলারও নিন্দা জানান পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী। তিনি বলেন, এসব ধর্মপ্রাণ মানুষ কারও জন্য হুমকি ছিলেন না।ইউসুফের ভাষায়, ‘ওমরাহযাত্রীদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মুসলমান হিসেবে এটি আমাদের বিশ্বাসের অংশ। যারা ওমরাহ বা হজ পালন করতে যান, তাঁরা নিজেদের পাপের ক্ষমা চাইতে যান। তাঁরা কারও সঙ্গে যুদ্ধ করতে কিংবা কাউকে আক্রমণ করতে যান না।’সৌদি আরবের নিরাপত্তায় পাকিস্তানের সহযোগিতাসৌদি আরবকে সহযোগিতায় পাকিস্তান বাস্তব পদক্ষেপ নিচ্ছে বলেও জানান ইউসুফ। তাঁর ভাষ্য অনুযায়ী, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তির লক্ষ্য হলো সুনির্দিষ্ট প্রতিরক্ষামূলক পদক্ষেপের মাধ্যমে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা।পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব, ধর্মীয় দল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সৌদি আরবের প্রতি সমর্থনের প্রশ্নে ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।ইউসুফ বলেন, সময় এলে সৌদি আরবের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষায় বিশ্বের মুসলমানরা, বিশেষ করে পাকিস্তানের জনগণ, জীবন ও সম্পদ উৎসর্গ করতে প্রস্তুত। সৌদি আরবের সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করতে নেওয়া সব পদক্ষেপের প্রতিও পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান তিনি।সূত্র: আরব নিউজ