Ctn Tv

গাজা সিটিতে আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫

গাজা সিটির পশ্চিমাঞ্চলের রিমাল এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।আল-শিফা হাসপাতালের চিকিৎসাকর্মীরা এ তথ্য জানিয়েছেন।আল-জাজিরার প্রতিবেদক হানি আল-শায়ের খান ইউনিস থেকে জানান, শনিবার ভোরে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই রিমাল এলাকার আল-আসালা ভবনে হামলাটি চালানো হয়। হামলার সময় ভবনটির বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন।হানি আল-শায়ের বলেন, ‘আমরা যুদ্ধবিমানগুলোর শব্দ ক্রমেই জোরে শুনতে পাই। এরপর তিনটি হামলা হয়। এতে অ্যাপার্টমেন্টটিতে থাকা মানুষজন নিহত হন।’হামলায় অ্যাপার্টমেন্টটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের ধাক্কায় নিচের তলাগুলোতেও ধ্বংসযজ্ঞ চালায় এবং বহুতল ভবনটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা আগুন নেভানোর আগে প্রায় এক ঘণ্টা আগুন জ্বলতে থাকে। ঘটনাস্থলের পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেন আল-শায়ের।তিনি জানান, হামলার সময় ঘুমিয়ে থাকা বাসিন্দাদের কয়েকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। নিখোঁজ মানুষ ও লাশের সন্ধানে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছিলেন।আল-শিফা হাসপাতাল জানিয়েছে, নিহত পাঁচজনের মধ্যে চারজন নারী। তাঁদের মধ্যে একজন বয়স্ক খ্রিষ্টান নারী ও তাঁর মেয়েও রয়েছেন।হামলায় আহত ছয়জনকে চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।রিমাল গাজা সিটির অন্যতম ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। সেখানে হাজারো বাস্তুচ্যুত মানুষ অস্থায়ী তাঁবু ও শিবিরে আশ্রয় নিয়ে আছেন। হামলার পরও এলাকায় ইসরায়েলি ড্রোন উড়তে দেখা যায় বলে জানান আল-শায়ের। গাজাজুড়ে নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দও শোনা যাচ্ছিল বলে তিনি জানান।

গাজা সিটিতে আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫