Ctn Tv

মানুষের ঘরে যাবেন ববি হাজ্জাজ

জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। ‘মন্ত্রীর সঙ্গে চা, ঠিকানা আপনার বাসা’ শিরোনামের কর্মসূচির আওতায় আগামীকাল বুধবার (১২ আগস্ট) নির্বাচনী এলাকার বিভিন্ন বাসিন্দার আমন্ত্রণে তাঁদের বাড়িতে গিয়ে চায়ের আড্ডায় অংশ নেবেন তিনি।আনুষ্ঠানিক সভা বা রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করাই এ উদ্যোগের উদ্দেশ্য। চায়ের আড্ডায় এলাকার মানুষের সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার কথা শোনার পাশাপাশি তাঁদের পরামর্শও নেবেন প্রতিমন্ত্রী।উদ্যোগটির বিশেষ দিক হলো, জনগণকে জনপ্রতিনিধির কাছে যেতে হবে না; বরং জনপ্রতিনিধিই তাঁদের বাড়িতে গিয়ে কথা বলবেন। ঢাকা-১৩ আসনের বাসিন্দারা অনলাইনে আমন্ত্রণ জানিয়ে নিজেদের বাড়িতে প্রতিমন্ত্রীকে চায়ের আড্ডায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।এ বিষয়ে ববি হাজ্জাজ বলেন, জনপ্রতিনিধিত্ব শুধু সংসদে বক্তব্য দেওয়া বা কার্যালয়ে বসে মানুষের কথা শোনার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের কাছে যেতে হবে, তাঁদের জীবনযাপন দেখতে হবে এবং তাঁদের কথা শুনতে হবে।তিনি বলেন, ‘ঢাকা-১৩-এর মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও গভীর করতেই এই উদ্যোগ। এক কাপ চায়ের আড্ডায় হয়তো এমন অনেক কথা উঠে আসবে, যা আনুষ্ঠানিক বৈঠকে বলা সম্ভব হয় না। আমার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের মতামত ও পরামর্শ আমার কাছে গুরুত্বপূর্ণ।’প্রতিমন্ত্রী বলেন, এলাকার সমস্যা সমাধানের পাশাপাশি ঢাকা-১৩-কে আরও বাসযোগ্য, আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে জনগণের অংশগ্রহণ প্রয়োজন।‘চায়ের আড্ডা’ কর্মসূচিতে নাগরিক সমস্যা, শিক্ষা, যোগাযোগ, গ্যাস, পানি ও বিদ্যুৎ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং তরুণদের কর্মসংস্থানসহ স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করবেন ববি হাজ্জাজ। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সম্ভাবনাময় উদ্যোগ ও নাগরিকদের বিভিন্ন প্রস্তাব সম্পর্কেও জানতে চাইবেন তিনি।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ঢাকা-১৩ আসনের মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগের ক্ষেত্রে এ উদ্যোগ নতুন ধরনের রাজনৈতিক-সামাজিক যোগাযোগের মডেল হতে পারে। আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে মানুষের বাড়িতে গিয়ে কথা বলার মাধ্যমে জনপ্রতিনিধি ও জনগণের দূরত্ব কমানোর পাশাপাশি অংশগ্রহণমূলক স্থানীয় নেতৃত্বের সুযোগ তৈরি হতে পারে।

মানুষের ঘরে যাবেন ববি হাজ্জাজ