Ctn Tv

সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন

সিরাজগঞ্জের ১৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ দিয়েছে মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলার সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদ তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) গণপতি রায়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহিদুল হাসান, সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন এবং বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল) শুভেচ্ছা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ।‘সত্য বলা ও অন্যের অধিকার রক্ষা করতে হবে’প্রধান অতিথির বক্তব্যে খাজা টিপু সুলতান বলেন, ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে তাঁরা প্রার্থনা করেন, যেন সবাই ভালো মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন।তিনি সত্য কথা বলা, প্রতারণা থেকে দূরে থাকা এবং নিজের স্বার্থের চেয়ে অন্যের বৈধ অধিকারকে প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি আত্মশুদ্ধি অর্জনের আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।‘মেধায় মাতি’ ছিল আয়োজনের আকর্ষণঅনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফাউন্ডেশনের মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক আয়োজন ‘মেধায় মাতি’। ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে উপস্থিত ব্যক্তিরা আনন্দের সঙ্গে অংশ নেন।ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভুঞা রোমেলের সার্বিক সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মো. শাহজাহান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. শামছুল আলমসহ ফাউন্ডেশনের অন্যান্য উপদেষ্টা।২০০১ সাল থেকে মানবকল্যাণমূলক কার্যক্রমখাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন ২০০১ সাল থেকে সারা দেশে শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি আরও দুটি মানবকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। এর একটি হলো ঢাকার শ্যামলীবাগ ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া। অন্যটি হলো খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (র.)-এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তদের ‘ছাদকা-ই-জারিয়া’ হিসেবে এককালীন মূলধন প্রদান।

সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন