Ctn Tv

৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য

রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জোটের নেতারা জানিয়েছেন, ওই সমাবেশ থেকেই পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এতে জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নেন।বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান ও ভবিষ্যৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, আগামী ৩ আগস্ট জোটের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠকে চূড়ান্ত কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।তিনি আরও বলেন, ৫ আগস্ট বিকেল সাড়ে ৩টায় পল্টনে অনুষ্ঠেয় সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। একই সঙ্গে রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর কর্মসূচি সফল করতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।সংবাদ ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচিতে এনসিপির সিনিয়র নেতাদের ওপর হামলার নিন্দা জানান। তিনি হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।তিনি বলেন, কোনো বক্তব্য বা রাজনৈতিক মতপার্থক্যের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া উচিত। রাজনৈতিক কর্মসূচি সন্ত্রাসী কায়দায় প্রতিহত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।সরকারের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণ, রাষ্ট্র পরিচালনা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চলছে।হামিদুর রহমান আযাদ আরও দাবি করেন, সিলেটে সংঘটিত হামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। বৈঠক ও সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী, বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদারসহ জোটের অন্যান্য নেতারা।

৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য