Ctn Tv

নেকাব পরা ছাত্রীকে কটাক্ষের অভিযোগ, ঢাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে নেকাব পরা এক ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকে ক্লাস বর্জন করে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার ইংরেজি বিভাগের মাস্টার্সের একটি ক্লাসে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব নেকাব পরা এক ছাত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে ওই ছাত্রীকে সামনে না বসে পেছনে বসতে বলা হয়। নেকাব পরা অবস্থায় ওই ছাত্রী তাঁকে অস্বস্তিতে ফেলছেন এবং মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছেন বলেও শিক্ষক মন্তব্য করেন বলে শিক্ষার্থীরা জানান।শিক্ষার্থীদের আরও অভিযোগ, শিক্ষক ওই ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ (মৌলবাদী) ও ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেন। এমনকি নেকাব পরা ছাত্রী তাঁকে আক্রমণ করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ঘটনার পর ওই ছাত্রী ক্লাস থেকে বের হয়ে যান। পরে অধিকাংশ শিক্ষার্থীও ক্লাস বর্জন করে প্রতিবাদ জানান।শিক্ষার্থীরা বলছেন, একটি সভ্য সমাজে শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রক্টরের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।শিক্ষার্থীদের অভিযোগের পর ওই শিক্ষকের নেওয়া মাস্টার্সের ক্লাস পরিবর্তনের আশ্বাস দিয়েছে বিভাগীয় কর্তৃপক্ষ।এদিকে ঘটনাটির নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। এক বিবৃতিতে সংগঠনটি শিক্ষিকার এমন আচরণে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে স্বাক্ষর করেন ইউটিএলের সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।অন্যদিকে নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে কটূক্তির অভিযোগে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। সংগঠনটি অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। 

নেকাব পরা ছাত্রীকে কটাক্ষের অভিযোগ, ঢাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন