Ctn Tv

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি দিয়েছে দলটি।বৃহস্পতিবার, ২৩ জুলাই জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা চিঠিটি সিইসির কাছে পাঠানো হয়। চিঠির বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘গাজী নজরুল ইসলাম, সংসদ সদস্যকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার।’চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। ওই তদন্তে তাঁর ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে জামায়াত।এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।চিঠিতে আরও বলা হয়, গত বুধবার, ২২ জুলাই বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।সিইসিকে পাঠানো চিঠিতে দলটির পক্ষ থেকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।চিঠিটির একটি অনুলিপি অবগতির জন্য জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।  

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত