Ctn Tv

বিশ্বম্ভরপুরে মাদক ও কিশোর গ্যাং নিয়ে উদ্বেগ, মূল হোতা দেলোয়ার ভূঁইয়া

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং-সংক্রান্ত অভিযোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগকারীদের দাবি, অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কায় অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, দেলোয়ার ভূঁইয়া (৪৭), পিতা–সুলেমান মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের ভাষ্য, এসব অভিযোগের কারণে এলাকায় নিরাপত্তাহীনতা বেড়েছে। প্রতিশোধের আশঙ্কায় অনেক ভুক্তভোগী প্রকাশ্যে অভিযোগ দিতেও অনীহা প্রকাশ করছেন।এদিকে কয়েকজন বাসিন্দা দাবি করেন, স্থানীয় বিএনপির নেতা এস এম মাহবুব মল্লিকের নাম ব্যবহার বা তাঁর প্রভাবের কথা উল্লেখ করে দেলোয়ার হোসেন এলাকায় চলাফেরা করেন বলে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এস এম মাহবুব মল্লিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয়দের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। অভিযোগ প্রমাণিত হলে ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি সীমান্ত এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানোরও দাবি জানান।এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য-প্রমাণ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা মিললে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।প্রতিবেদন প্রকাশের আগে দেলোয়ার হোসেন ও এস এম মাহবুব মল্লিকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভবিষ্যতে তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

বিশ্বম্ভরপুরে মাদক ও কিশোর গ্যাং নিয়ে উদ্বেগ, মূল হোতা দেলোয়ার ভূঁইয়া