Ctn Tv

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু এবং ৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৬৯ জন। ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন ভর্তি হয়েছেন।একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫৪ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি জুলাই মাসে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৯ হাজার ২০৬ জন। এ মাসে এ রোগে মারা গেছেন ৩৬ জন।এদিকে বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১০ জনে। এ সময়ে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।মাসভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়েছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। অন্যদিকে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ, যেখানে এখন পর্যন্ত ৩ হাজার ৩১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।মোট আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৫ শতাংশ নারী।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩